ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:৩৪ পিএম
শনিবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান । ছবি: সংগৃহীত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণসহ যেকোনো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তি, তাদের সহযোগী ও আশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে। অপরাধীদের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কোনো বিবেচনায় আসবে না বলেও তিনি স্পষ্ট করেন।
শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী জানান, নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলায় যদি কেউ অপরাধীদের আশ্রয় দেয়, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঝিনাইদহ ও নরসিংদীর সাম্প্রতিক ধর্ষণ ও হত্যা মামলাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিচার সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।
দুর্নীতি দমনে প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে জড়িতদের শুধু চাকরি হারানোই নয়, বিভাগীয় ব্যবস্থা ও দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মামলাও করা হবে। উন্নয়ন ও অবকাঠামো খাতে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।
চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও সন্ত্রাস দমনে সরকার ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহে এ ধরনের অপকর্মে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো অনিয়মের তথ্য সরাসরি জানানোর আহ্বানও জানান তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী সংসদের প্রথম অধিবেশনেই বিল আকারে উত্থাপন করা হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মর্যাদা রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলার নবনির্বাচিত সংসদ সদস্যরা, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।