জুন ৬, ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশকে আইনগতভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশের যথাযথ জবাব আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। একই সঙ্গে হাসপাতালের লাইসেন্স বাতিলের উদ্দেশ্যে জারি করা কারণ দর্শানোর নোটিশ আইনসম্মত নয় বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কয়েকজন কর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শিশির মনির। তাঁর ভাষ্য অনুযায়ী, একজন অভিভাবকের অনুরোধে কিছু সময়ের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। এ ঘটনার প্রেক্ষিতে দায়িত্বে থাকা কর্মী নাসিমা ও সিনিয়র স্টাফ নার্স রেখাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা হাসপাতালের পক্ষ থেকে বিনা মূল্যে প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও ব্যবস্থাপনা সংক্রান্ত ত্রুটির বিষয় উঠে আসে।
তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট ওয়ার্ডে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকা, অতিরিক্ত রোগীর চাপ এবং চিকিৎসক ও নার্সদের সেবায় ঘাটতির বিষয় উল্লেখ করা হয়। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে ৭২ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এখন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।