আগস্ট ১৫, ২০২৬, ০৩:২২ পিএম
ছবি: সংগৃহীত
সিলেটে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৫৬ জনে পৌঁছেছে।
শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স পাঁচ মাস। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপর শিশুটির বয়স ১১ মাস। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বাড়ি সিলেটের টুকেরবাজার ও জকিগঞ্জ উপজেলার ওয়াসার এলাকায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৩ জন ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ভর্তি হয়েছে।
একই সময়ে আরও ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৪ জন চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন ভর্তি আছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন এবং নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালেও আরও রোগী ভর্তি আছেন।
জেলা ভিত্তিক হিসাবে, চলতি বছরের শুরু থেকে সিলেটে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৩০৫ জনের। হবিগঞ্জে এ সংখ্যা ১৪৮, মৌলভীবাজারে ১৪৬ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত হয়েছেন বলেও স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মৃত্যুর হিসাবেও সুনামগঞ্জে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। জেলায় এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৫৪ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। সিলেটে সন্দেহজনক হাম রোগে ৪৬ জন এবং নিশ্চিত হাম রোগে চারজন মারা গেছেন। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১২ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে, ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ১২৯ জন এবং নিশ্চিত হাম রোগে ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে হামজনিত সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে।