মার্চ ৪, ২০২৬, ০২:১২ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। আবুধাবি বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার পর অবশেষে নিরাপদে দেশে ফেরেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে সেই টানটান অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই তিনি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান।
কিন্তু দুপুরের পর হঠাৎ করেই বিমান চলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি ও উৎকণ্ঠা। কেউ স্পষ্ট করে জানাতে পারছিল না কী ঘটেছে। পরে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার প্রভাব পড়ে আকাশপথেও।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সময়টা ছিল ভয় ও অনিশ্চয়তায় ভরা। যাত্রীরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিলেন; অচেনা মানুষও হয়ে উঠেছিলেন ভরসার জায়গা। সবাই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খাবারের জন্য নগদ অর্থ দেওয়া হয়। যাদের ফ্লাইট বাতিল হয়, স্থানীয় প্রশাসনের নির্দেশে তাদের আবুধাবির বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। হোটেল কর্মীদের প্রশংসা করে এশা লেখেন, ভয় ও চাপের মধ্যেও তারা অসাধারণ ধৈর্য ও পেশাদারিত্ব দেখিয়েছেন।
অবশেষে ২ মার্চ দিল্লিগামী প্রথম বাণিজ্যিক ফ্লাইটে ওঠার সুযোগ পান এশা গুপ্তা। নিজেকে ভাগ্যবান উল্লেখ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নিরাপদে ঘরে ফিরতে পারার অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী বলেন, এই কঠিন অভিজ্ঞতা তাকে মনে করিয়ে দিয়েছে—দুর্যোগের সময় মানুষই মানুষের সবচেয়ে বড় শক্তি।