কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ০২:১০ পিএম

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই

আশা ভোসলে | ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

আজ রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানান।

তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি আর নেই। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ’

হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানান, ৯২ বছর বয়সি এই শিল্পীর হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং এরপর জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে তার নাতনি সামাজিক মাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান এবং আশা প্রকাশ করেন যে শিগগিরই সুস্থতার খবর পাওয়া যাবে।

আশা ভোসলে ভারতীয় সংগীতজগতের এক অনন্য নাম। আট দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন ভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, গজল থেকে আধুনিক—সব ধারাতেই তার সমান দক্ষতা তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন।

Link copied!