ছবি: সংগৃহীত
সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পশুপ্রেমী এই তরুণী নেটদুনিয়ায় ‘সুন্দরীর দিদি’ নামে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ মে) সকালে নিজ বাসা থেকে সায়নীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। কারণ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও নিজের পোষ্য গরু ‘সুন্দরী’কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত সম্পর্কজনিত কিছু বিষয় সামনে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
অন্যদিকে, সায়নীর পরিবার মনে করছে না যে মানসিক অবসাদ তার মৃত্যুর কারণ। পরিবারের সদস্যরা এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত এবং পোষ্য গরু ‘সুন্দরী’কে কেন্দ্র করে নিয়মিত ভিডিও তৈরি করতেন সায়নী চক্রবর্তী। সম্প্রতি তিনি এলএলবি ডিগ্রি সম্পন্ন করেছিলেন।
উল্লেখ্য, মৃত্যুর কিছুদিন আগে ভারতের নৈহাটির বড়মার মন্দিরে পূজা দিতে গিয়ে সায়নী ও তার মা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন। মন্দিরের ব্যবস্থাপনা ও ছবি তোলা নিয়ে বিরোধের জেরে তিনি ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার রহস্যজনক মৃত্যুর খবর সামনে এলো।