ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করেছি, ফলে দর্শকের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি: শাকিব খান

শোবিজ ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ০১:৪৫ পিএম

ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করেছি, ফলে দর্শকের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি: শাকিব খান

ছবি: সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সিনেমা প্রিন্স ঘিরে শুরু থেকেই ছিল বড় প্রত্যাশা। আন্তর্জাতিক মানের নির্মাণ, বলিউডের অভিজ্ঞ টিম এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। নির্মাতা আবু হায়াত মাহমুদ একাধিকবার এটিকে ভিন্নমাত্রার প্রজেক্ট হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে মুক্তির পর চিত্র ভিন্ন হয়ে দাঁড়ায়। প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান চোখে পড়ে। বড় বাজেট বা আন্তর্জাতিক মানের কাজের প্রতিফলন পুরোপুরি দেখা যায়নি পর্দায়। এমনকি দেশের অনেক প্রেক্ষাগৃহে ঈদের দিনও সিনেমাটি মুক্তি না পাওয়ায় শুরুতেই গতি হারায় এটি। নেতিবাচক রিভিউ যুক্ত হয়ে দর্শক আগ্রহ দ্রুত কমে যায়। তবুও প্রেক্ষাগৃহে যে দর্শক ছিল, তার বড় অংশই ছিল মূলত শাকিব খান–এর জনপ্রিয়তার কারণে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে সিনেমাটির কলাকুশলী ও গণমাধ্যমকর্মীদের সামনে খোলামেলা কথা বলেন শাকিব খান।

নিজের বুকের ওপর হাত রেখে ব্যর্থতার দায় স্বীকার করে তিনি বলেন, ‘আমি এটুকু মানছি যে, “প্রিন্স” টিম দর্শকদের পরিপূর্ণ একটি সিনেমা উপহার দিতে পারেনি। আমরা দেশের মানুষের কাছে সেই বার্তাও পৌঁছাতে পারিনি। তবে বিশ্বাস করুন, আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না।’

সিনেমাটির নির্মাণ প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়ায় আইনি জটিলতা। পারমিশন সংক্রান্ত সমস্যার কারণে টানা তিন মাস শুটিং বন্ধ ছিল, ফলে পূর্বনির্ধারিত সময়সূচি ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত তড়িঘড়ি করে কাজ শেষ করতে হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘গল্পটা শোনার পর মনে হয়েছিল এটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হবে। কিন্তু সময়ের স্বল্পতার কাছে আমরা হেরে গেছি। তাই টিমের পক্ষ থেকে আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।’

দর্শকদের সমালোচনার বিষয়গুলোও স্বীকার করেন এই তারকা। টেকনিক্যাল ত্রুটি, সিজি এবং কালার গ্রেডিংয়ের দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব কাজ ঠিকভাবে করতে হলে পর্যাপ্ত সময় দরকার। কিন্তু আমরা ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করেছি। ফলে দর্শকের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি।’

উল্লেখ্য, সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ আরও অনেকে।

Link copied!