নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আনচেলত্তি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ০৩:০১ পিএম

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আনচেলত্তি

ছবি: সংগৃহীত

ব্রাজিলের আসন্ন ফিফা বিশ্বকাপ দলে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। মার্চ উইন্ডোতে তাকে দলে সুযোগ না পাওয়ায় এই শঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। তবুও শেষ মুহূর্তে কোনো নাটকীয়তার সম্ভাবনা কিছুটা আশা জাগাচ্ছিল।

কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই ২৬ সদস্যের সম্ভাব্য দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জনের স্কোয়াডে অন্তত ২৪ জনের জায়গা প্রায় নিশ্চিত। বাকি দুটি স্থানের জন্য লড়ছেন লুকাস পাকেতা, এন্দরিক ও ইগোর থিয়াগো। তবে ৩৪ বছর বয়সী নেইমার নেই সে তালিকায়।

আনচেলত্তির পরিকল্পনা স্পষ্ট—একক তারকার ওপর নির্ভর না করে দলগত পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে নতুন ব্রাজিল গড়ে তোলা। তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা রেখে তিনি এমন একটি স্কোয়াড তৈরি করতে চান, যা প্রতিপক্ষ ও পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারবে।

নেইমারের বাদ পড়ার সবচেয়ে বড় কারণ হিসেবে আখ্যায়িত হচ্ছে তার ফিটনেস। ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকে জাতীয় দলে আর খেলেননি তিনি। ক্লাব ফুটবলেও সান্তোসে ফিরে এ বছর মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, দলে ফিরতে হলে খেলোয়াড়কে থাকতে হবে “শতভাগ ফিট”। সেই মানদণ্ডেই আপাতত পিছিয়ে নেইমার।

তবে তার সম্ভাব্য অনুপস্থিতি ইতোমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। কিংবদন্তি রোনালদো নাজারিও, রোমারিও, কাফু এবং জোসে মরিনহো সহ অনেকেই নেইমারের পক্ষে কথা বলেছেন। বর্তমান তারকা রদ্রিগো গোয়েস ও ভিনিসিউস জুনিয়রও তারকে দলে দেখতে চাওয়ার কথা জানিয়েছে।

এক দশকের বেশি সময় ধরে ব্রাজিল আক্রমণের মুখ ছিলেন নেইমার। তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলের মূল শক্তি হিসেবে বিবেচিত। তবে আনচেলত্তি যদি শেষ পর্যন্ত তাকে দলে না রাখেন, তা হতে পারে ব্রাজিল ফুটবলের এক যুগের অবসানের সূচনা।

আগামী ১৮ মে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। সেখানেই পরিষ্কার হবে, নেইমারের বিশ্বকাপ স্বপ্ন টিকে আছে কি না, নাকি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে।

Link copied!