ছবি: সংগৃহীত
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমে চেন্নাই সুপার কিংসের শুরুটা হয়েছে ভীষণ হতাশাজনক। টানা তিন ম্যাচে হেরে বসেছে তারা। রোববার (৫ এপ্রিল) সর্বশেষ পরাজয়টি এসেছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
দলটি যখন একটি প্রতিযোগিতামূলক একাদশ গঠন করতেই হিমশিম খাচ্ছে, ঠিক তখনই রবিচন্দ্রন অশ্বিন তার শেষ আইপিএল মৌসুমের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। ওই মৌসুম শেষেই তিনি এই টি-টোয়েন্টি লিগ থেকে অবসরের ঘোষণা দেন। বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের ভরাডুবি দেখে অশ্বিন জানান, তিনি চাইলে এ বছরও খেলতে পারতেন, তবে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, `কোনো দুঃখের গান সাজেস্ট করতে পারো? আমি নিরপেক্ষভাবে ম্যাচটা দেখছি, কিন্তু মনে পড়ছে আমি সম্প্রতি চেন্নাইয়ের হয়ে একটি হতাশাজনক মৌসুম কাটিয়েছি। ব্যক্তিগতভাবেও সেটা খুব খারাপ ছিল। সত্যি বলতে, আমার মনে হয় আমি আরও খেলতে পারতাম, কিন্তু মানসিকভাবে আমার সেই সক্ষমতা ছিল না।`
গত মৌসুমের অভিজ্ঞতা প্রসঙ্গে বিস্তারিত বলতে বলা হলে অশ্বিন বলেন, `আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, এটা মানসিকভাবে বিরক্তিকর। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। আমি বলেছিলাম, চেন্নাইয়ে শুরু করেছি, নিজের শহরেই শেষ করছি, এটাই ঠিক আছে। আমি নিজেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে ম্যানেজমেন্টকে আমাকে রাখা বা ছাড়ার বিষয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। এতে তারা ১০ কোটি রুপিও বাঁচাতে পারবে। আমি এখনও হতাশ। আমার প্রত্যাশা ছিল, আশা ছিল।`
বর্তমান মৌসুমের ম্যাচ নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, `আজকের ম্যাচ নিয়েও আমার প্রত্যাশা ছিল। আমি জানতাম বেঙ্গালুরু জিততে পারে, কারণ তারা শক্তিশালী দল। কিন্তু চেন্নাই আগের ম্যাচে যে উন্নতি দেখিয়েছিল, তার ওপর আমার কিছুটা ভরসা ছিল। এছাড়া বেঙ্গালুরু বিরতির পর খেলতে নামছিল, এটাও একটা ফ্যাক্টর ছিল। কিন্তু যেভাবে তারা খেলেছে, তাতে সবাইকে সতর্ক করে দিয়েছে।`
এই মৌসুমের আগে চেন্নাই দলে বেশ কিছু পরিবর্তন আনে এবং অভিজ্ঞ ক্রিকেটারদের বদলে তরুণদের ওপর বেশি আস্থা রাখতে শুরু করে। তবে তরুণদের ব্যবহারের ধরন নিয়ে সন্তুষ্ট নন অশ্বিন।
তিনি বলেন, `এই তরুণদের ভালো অনুশীলন দিতে হবে, ইনটেনসিটি দিতে হবে, সঠিক পরিবেশ তৈরি করতে হবে। না হলে তারা কীভাবে পারফর্ম করবে?`
ভারতের সাবেক এই স্পিনার আরও প্রশ্ন তুলেছেন, কেন বোলারদের এমন ভূমিকা দেওয়া হচ্ছে যা তাদের স্বাভাবিক শক্তির জায়গা নয়। আনশুল কম্বোজ ও জেমি ওভারটনকে রাউন্ড দ্য স্টাম্প থেকে ওয়াইড ইয়র্কার করতে বলার বিষয়টি নিয়েও তিনি সমালোচনা করেন।
তিনি বলেন, `তোমরা এসএ২০ দেখে পরিকল্পনা করতে পারো। জেমি ওভারটন ইয়োর্কারের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। কিন্তু তোমরা তাকে সেটাই করতে বাধ্য করছো। বোলারের শক্তির ওপর ভিত্তি করে ব্যবহার করতে হবে। তোমরা তাকে রাউন্ড দ্য স্টাম্প থেকে ওয়াইড ইয়র্কার করাচ্ছো, আর Tim David সেগুলো সহজেই মারছে।`
এইভাবে দলীয় কৌশল নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন অশ্বিন।