ছবি: রয়টার্স
প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে পা রাখা জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে অস্ট্রিয়া। সান ফ্রান্সিসকোর বে অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে জর্ডান পুরো সময়জুড়ে লড়াই করলেও শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচের শুরু থেকেই জর্ডানের ওপর চাপ সৃষ্টি করে ইউরোপের দল অস্ট্রিয়া। এর ফলও পায় তারা প্রথমার্ধে। ২০তম মিনিটে রোমানো স্মিডের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রিয়া এবং সেই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দলটি।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ প্রত্যাবর্তন করে জর্ডান। ম্যাচের ৫০তম মিনিটে নুর আল-রাওয়াবদেহের গোলে ১-১ সমতা ফেরায় প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া দলটি।
ম্যাচের ৬৭তম মিনিটে অস্ট্রিয়ার হয়ে জালে বল পাঠিয়েছিলেন তারকা ফরোয়ার্ড মার্কো আরনাউতোভিচ। তবে ভিএআর পরীক্ষায় দেখা যায়, বল তৈরি করে দেওয়ার সময় স্টেফান পশের হাতে বল লেগেছিল। ফলে হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল ঘোষণা করা হয়।
তবে জর্ডান বেশিক্ষণ প্রতিরোধ গড়ে রাখতে পারেনি। ৭৬তম মিনিটে এক অনাকাঙ্ক্ষিত ভুলে দ্বিতীয় গোল হজম করে তারা। অস্ট্রিয়ার একটি কর্নার কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ডিফেন্ডার ইয়াজান আল-আরব। আত্মঘাতী এই গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে জর্ডান।
ম্যাচের অতিরিক্ত সময়ের ১০০তম মিনিটে জর্ডানের কফিনে শেষ পেরেক ঠোকেন মার্কো আরনাউতোভিচ। পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়ার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ের ফলে গ্রুপ ‘জে’তে আর্জেন্টিনার সমান তিন পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে অস্ট্রিয়া। অন্যদিকে, বিশ্বকাপের অভিষেক ম্যাচে লড়াই করেও পয়েন্টের দেখা পায়নি জর্ডান।