জুন ১৩, ২০২৬, ০৮:৩২ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলকে দুই কোটি টাকা বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ (শনিবার) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১১ জুন) দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ডিএল মেথডে ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের দারুণ কৃতিত্ব অর্জন করে।
বৃষ্টির কারণে ৯ ওভার কমে যাওয়া ইনিংসে বাংলাদেশ ৩৬ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে। তাওহীদ হৃদয় ৫৫ বলে ৪০ রান করেন এবং মেহেদী হাসান মিরাজ ২২ রানে অপরাজিত থাকেন।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল। মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়ার পর কিছুটা চাপ তৈরি হলেও মিরাজ ও হৃদয়ের জুটিতে জয় নিশ্চিত হয়।
প্রথম ওয়ানডেতে ৮৬ রানে জয়ের পর এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ সিরিজটি ২–০ ব্যবধানে নিশ্চিত করে নেয়। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়।
আশ্চর্যজনকভাবে পেসারদের স্বর্গভূমি হিসেবে পরিচিত অস্ট্রেলিয়াকে স্পিনবান্ধব মিরপুরে নয়, বরং পেসারদের পারফরম্যান্সেই হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আগামী ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ জিতে প্রথমবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।