ফিক্সিংয়ের দায়ে ৪ কর্মকর্তা ও ১ ক্রিকেটারসহ পাঁচজনকে নিষেধাজ্ঞা বিসিবির

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৬, ০৭:৪৩ পিএম

ফিক্সিংয়ের দায়ে ৪ কর্মকর্তা ও ১ ক্রিকেটারসহ পাঁচজনকে নিষেধাজ্ঞা বিসিবির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিষিদ্ধ হওয়া ব্যক্তিরা হলেন— চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক তৌহিদ, রংপুর রাইডার্সের সাবেক ক্রিকেটার ও চলমান ডিপিএলে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলা অমিত মজুমদার, সিলেট ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান।

আজ (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে বিসিবি তাদের নিষেধাজ্ঞার বিষয়টি জানায়। বোর্ডের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বিপিএলে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, বেটিং (জুয়া), তদন্তে অসহযোগিতা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিসিবি জানিয়েছে, অভিযুক্তদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার দিন থেকে ১৪ দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। তবে সামিনুর রহমানকে ‘নোটিশ অব ইনটেনডেড এক্সক্লুশন অর্ডার’ দেওয়ায় তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকছে না। এ পর্যায়ে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে বিসিবি।

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৯ মাসব্যাপী তদন্ত শেষে একই বছরের অক্টোবরে বিসিবির কাছে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।

তদন্ত প্রতিবেদনে বেটিং সংক্রান্ত কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব, কোডের ধারা ৪.৩-এর অধীনে ইস্যু করা ডিমান্ড নোটিশ পালনে ব্যর্থতা, সংশ্লিষ্ট তথ্য ও যোগাযোগ গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তার (ডিএসও) সঙ্গে তদন্তে অসহযোগিতার বিষয়গুলো উঠে আসে।

পরবর্তীতে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল তদন্ত প্রতিবেদনের তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করেন। সেই যাচাইয়ে পাওয়া প্রমাণের ভিত্তিতেই পাঁচজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Link copied!