মার্চ ২৭, ২০২৬, ০১:২০ পিএম
ছবি: সংগৃহীত
ফিফা প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর ব্রাজিল দলে নেইমারের অনুপস্থিতি নিয়ে সরব হয়ে উঠেছেন সমর্থকরা। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকেই নেইমারের নাম ধরে স্লোগান দেন ব্রাজিলিয়ান ভক্তরা।
যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে ব্রাজিল। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে একপর্যায়ে ১০ জনে পরিণত হলেও উল্টো ব্যবধান বাড়িয়ে নেয় ফরাসিরা।
পরে ম্যাচের শেষভাগে একটি গোল শোধ করে ব্রাজিল, তবে ম্যাচে ফিরতে পারেনি তারা। গোলের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে না পারায় হতাশা বাড়ে দলের সমর্থকদের মধ্যে।
এই পরিস্থিতিতে গ্যালারিতে নেইমারকে ফেরানোর দাবিতে স্লোগান ওঠে। সমর্থকদের ধারণা, আক্রমণভাগের দুর্বলতা কাটাতে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের প্রয়োজন রয়েছে।
তবে ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, মাঠে যারা খেলেছেন তাদের পারফরম্যান্স নিয়েই মূল্যায়ন করা উচিত। তিনি দলের প্রচেষ্টায় সন্তুষ্ট বলেও জানান।
এদিকে ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোও নেইমারের গুরুত্ব তুলে ধরে বলেন, ফিট থাকলে তিনি যেকোনো দলের জন্য বড় সম্পদ।
চোট কাটিয়ে এখনো পুরোপুরি ফিট হতে না পারায় জাতীয় দলে নিয়মিত হতে পারেননি নেইমার। তবে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে সামনে রেখে তাকে দলে ফেরানোর দাবি জোরালো হচ্ছে।