ছবি: সংগৃহীত
ছন্দময় ফুটবল খেলেও প্রথমার্ধে পিছিয়ে ছিল স্বাগতিক কানাডা। তবে শেষ মুহূর্তের দারুণ এক গোলে হার এড়ানোর পাশাপাশি ফুটবল বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম পয়েন্ট তুলে নিয়েছে তারা। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে কানাডা।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর এই ড্রয়ের মাধ্যমেই বিশ্বকাপে নিজেদের পয়েন্টের খাতা খুলল স্বাগতিকরা।
ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল কানাডা। শুরু থেকেই বলের দখলে আধিপত্য থাকলেও বসনিয়া ও হার্জেগোভিনার রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় স্বাগতিকরা। প্রথম ১০ মিনিটে কানাডার বল দখল ছিল ৬৭ শতাংশ, পরে ৫৭ শতাংশে নেমে এলেও আক্রমণে তেমন ফল আসেনি।
বরং ২১ মিনিটে হঠাৎই এগিয়ে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। কর্নার থেকে আসা বল হেড করে কানাডার জালে জড়িয়ে দেন ফরোয়ার্ড জোভো লুকিচ।
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় কানাডা। প্রতিপক্ষের রক্ষণাত্মক কৌশলের কারণে দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ৭৮ মিনিট পর্যন্ত ব্যবধান ধরে রাখে বসনিয়া।
তবে ৭৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ফরোয়ার্ড কাইল লারিনের দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে কানাডা।
এরপর আর কোনো দলই জয়সূচক গোল করতে পারেনি। ফলে ১-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ, আর বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নেয় কানাডা।
উল্লেখ্য, বসনিয়া ও হার্জেগোভিনার এটি বিশ্বকাপে দ্বিতীয় আসর। ২০১৪ সালে প্রথমবার অংশ নিয়ে তারা অভিষেক আসরেই জয় পেয়েছিল ইরানের বিপক্ষে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তারা জায়গা করতে পারেনি।
অন্যদিকে কানাডা ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় এবং ২০২২ কাতার বিশ্বকাপেও খেলে। তবে দুই আসরেই গ্রুপ পর্ব পেরোতে পারেনি।
এবার স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে কানাডা। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের পর মাঠের পারফরম্যান্সে তারা পেয়েছে নিজেদের প্রথম ঐতিহাসিক পয়েন্ট।