ফিফা বিশ্বকাপ ২০২৬

ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৮, ২০২৬, ০১:২৮ পিএম

ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা ইংল্যান্ডের কাছে হার দিয়ে হলেও শেষটা দারুণভাবে করল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হিসেবে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে ৩০তম মিনিটে জট ভাঙেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পেতার সুচিচ। ভিএআর পর্যালোচনার পর ৩১তম মিনিটে গোলের বৈধতা নিশ্চিত করেন রেফারি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ক্রোয়েশিয়ার।

বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ঘানা। অবশেষে ৭৩তম মিনিটে আর্নেস্ট নুয়ামাহর ফ্রি-কিক থেকে ডেরিক লুকাসেন ভলিতে বল জালে জড়ান। সহকারী রেফারি প্রথমে অফসাইডের সংকেত দিলেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বহাল রাখা হয়।

তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ঘানা। মাত্র ১০ মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে হেডে গোল করে আবারও ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন নিকোলা ভ্লাসিচ।

বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। এই জয়ে ‘এল’ গ্রুপের রানার্সআপ হিসেবে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে মদ্রিচের দল। অপরদিকে, ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত হয়েছে ঘানার।

Link copied!