আজ রাতেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল

ভিয়েতনাম সফরের আগে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ০৪:০৭ পিএম

ভিয়েতনাম সফরের আগে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একইসঙ্গে আজ রাতেই ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে জাতীয় ফুটবল দল।
 

প্রাথমিক ২৮ সদস্যের দল থেকে বাছাই করে এই স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তিনি সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন।
 

তবে শেষ মুহূর্তে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত মুখ সোহেল রানা জুনিয়র। অন্যদিকে দলে জায়গা পেয়েছেন হামজা চৌধুরী, শমিত সোমের মতো খেলোয়াড়দের সঙ্গে ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।
 

এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে বাংলাদেশ। তবুও সামনে থাকা ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
 

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাছাইপর্বের শেষ ম্যাচে।
 

চূড়ান্ত স্কোয়াড:
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম

Link copied!