জুন ২৩, ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: এপি
ফিলাডেলফিয়ায় বজ্রবৃষ্টির কারণে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত ম্যাচে ইরাককে ৩-০ গোলে পরাজিত করেছে ফ্রান্স। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই ম্যাচে জয় তুলে নিয়ে ‘আই’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফরাসিরা।
ফ্রান্সের জার্সিতে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন তিনি। এর মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন এই ফরাসি ফরোয়ার্ড।
ম্যাচের শুরু থেকেই ইরাকের ওপর আধিপত্য বিস্তার করে ফ্রান্স। পুরো ম্যাচে ফরাসিরা ১৯টি শট নিলেও ইরাক নিতে পেরেছে মাত্র ৪টি।
ম্যাচের ১৪তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ১৫তম গোল করেন তিনি এবং ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর গোলসংখ্যা স্পর্শ করেন।
প্রথমার্ধ শেষে ফ্রান্স ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও বজ্রবৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা ১০ মিনিট খেলা বন্ধ থাকে। দীর্ঘ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মাঠে নামে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। ৫৪তম মিনিটে ইরাকি ডিফেন্ডার জায়েদ তাহসিনের ভুল পাসের সুযোগ কাজে লাগান উসমান দেম্বেলে। তার বাড়ানো বল আলতো ছোঁয়ায় জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপে ১৬ গোল করে মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও স্পর্শ করেন তিনি।
এরপর ৬৬তম মিনিটে আবারও মাইকেল অলিসের অ্যাসিস্ট থেকে গোল করেন উসমান দেম্বেলে। ডান পায়ের নিখুঁত কোনাকুনি শটে ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি।
দুই ম্যাচে চার গোল নিয়ে টুর্নামেন্টের গোল্ডেন বুটের দৌড়ে নরওয়ের আর্লিং হলান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন এমবাপ্পে। গ্রুপসেরা নির্ধারণের লক্ষ্যে আগামী ২৬ জুন নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স।