টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ আইসিসির

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:১৯ পিএম

পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ আইসিসির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত দেশটির সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর টুর্নামেন্টে খেলতে সম্মতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে অংশগ্রহণে রাজি হলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে পাকিস্তান সরকার আনুষ্ঠানিক বিবৃতি দিলেও এ বিষয়ে এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কোনো লিখিত সিদ্ধান্ত জানায়নি পিসিবি। এরই মধ্যে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছে আইসিসি।

এই আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান এবং চেয়ারম্যান জয় শাহর সহকারী ইমরান খাজাকে। সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি খাজাকে যেকোনো উপায়ে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করানোর চেষ্টা করতে বলা হয়েছে। ‘রেভস্পোর্টস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচটি না হলে শুধু পিসিবিই নয়, বড় ধরনের সংকটে পড়তে পারে আইসিসিও। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আইসিসির চার বছরের চুক্তিতে ভারত-পাকিস্তান ম্যাচ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। এই ম্যাচকে কেন্দ্র করেই চুক্তির আর্থিক মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ম্যাচটি না হলে সম্প্রচারকারী সংস্থার বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে, যার জেরে আইসিসির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ ওঠার সম্ভাবনাও রয়েছে।

Link copied!