ফিফা বিশ্বকাপ ২০২৬

নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করলো ইরান

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০১:০৫ পিএম

নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করলো ইরান

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে ইরান। মাঠের বাইরের নানা বিতর্ক ও আলোচনার মধ্যেই গ্রুপ ‘জি’-এর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে টুর্নামেন্ট শুরু করেছে দুই দল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা, ভিসা জটিলতা এবং মেক্সিকো থেকে বেস ক্যাম্প সরিয়ে নেওয়ার মতো নানা কারণে বিশ্বকাপ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইসলামিক রিপাবলিক অব ইরান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে দলটি মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়।

ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ভিডিওতে বিক্ষোভকারীদের ‘প্রেসিডেন্ট ট্রাম্প, কাজ শেষ করুন!’ এবং ‘আর কোনো ইসলামিক রিপাবলিক নয়’ স্লোগান দিতে দেখা যায়।

এদিকে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, স্টেডিয়ামের নীতিমালা অনুযায়ী বিশ্বকাপে বিপ্লব-পূর্ব ইরানের পতাকা প্রদর্শন নিষিদ্ধ। ‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্য অনুযায়ী, সোমবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এক শেষ মুহূর্তের শুনানিতে এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

মাঠের খেলায় শুরুতেই চমক দেখায় নিউজিল্যান্ড। ম্যাচের সপ্তম মিনিটে এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় ফিফা র‍্যাংকিংয়ে ৮৫তম স্থানে থাকা দলটি।

পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার চেষ্টা চালায় ইরান। ২৪তম মিনিটে গোল করার দারুণ সুযোগ পান ফরোয়ার্ড মেহদি তারেমি। তবে তার শক্তিশালী শট গোলবারে লেগে ফিরে আসে। ওই মুহূর্তে তার দুই পাশে ফাঁকায় থাকা সতীর্থদের কাছে বল বাড়ালে সুযোগ আরও বেশি তৈরি হতে পারত।

তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩২তম মিনিটে সমতায় ফেরে ইরান। নিউজিল্যান্ডের বক্সে শট নিয়ে গোল করেন ডিফেন্ডার রামিন রেজাইয়ান।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আবারও নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। তবে সেই লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি।

ম্যাচের ৬৪তম মিনিটে রাইট সাইড থেকে রামিন রেজাইয়ানের বাড়ানো বলে দুর্দান্ত হেডে গোল করেন মোহাম্মদ মোহেবি। তার গোলে ২-২ সমতায় ফিরে আসে ইরান।

বাকি সময়ে উভয় দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইরান ও নিউজিল্যান্ড।

Link copied!