টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ১২:৫৪ পিএম

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

ছবি: সংগৃহীত

ফুটবল ভাগ্য যেন আবারও মুখ ফিরিয়ে নিল ইতালি জাতীয় ফুটবল দলর দিক থেকে। ১২ বছরের অপেক্ষা শেষে বিশ্বমঞ্চে ফেরার স্বপ্ন নিয়ে জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে নামলেও শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটের হতাশায় ভেঙে যায় আজ্জুরিদের আশা।

প্লে-অফের গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বাগতিক বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় ফুটবল দলর কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে ওঠা হলো না চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পায় বসনিয়া।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ইতালি ১৫ মিনিটে এগিয়ে যায় ময়েস কিনর দুর্দান্ত ফিনিশিংয়ে। তবে ৪১ মিনিটে বড় ধাক্কা খায় তারা। এডিন জেকোকে বক্সের বাইরে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলেসান্দ্রো বাস্তোনি।

দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলতে থাকা ইতালির ওপর চাপ বাড়াতে থাকে বসনিয়া। গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা একাধিক সুযোগ ঠেকালেও ৭৯ মিনিটে আর পারেননি। জেকো ও এরমেদিন ডেমিরোভিচদের সমন্বিত আক্রমণ থেকে গোল করে সমতা ফেরায় স্বাগতিকরা। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে বসনিয়ার হয়ে প্রথম শটেই গোল করেন বেঞ্জামিন তাহিরোভিচ, বিপরীতে ইতালির পিও এস্পোসিতো ব্যর্থ হন। তৃতীয় শটে ব্রায়ান ক্রিস্টান্তে মিস করলে চাপে পড়ে ইতালি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বসনিয়া।

এই হারের ফলে ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল হয়েও টানা ১২ বছর বিশ্বকাপের বাইরে থাকতে হচ্ছে ইতালিকে। অন্যদিকে, ঘরের মাঠে নাটকীয় এই জয়ে উচ্ছ্বাসে ভাসছে বসনিয়া ও হার্জেগোভিনা।

Link copied!