ফিফা বিশ্বকাপ ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপানের

স্পোর্টস ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১২:৫২ পিএম

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপানের

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করেছে জাপান। শেষ মুহূর্তের লড়াইয়ে ২-২ গোলের ড্র করে মূল্যবান এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে এশিয়ার প্রতিনিধিরা। অন্যদিকে দুইবার এগিয়েও জয় তুলে নিতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ডাচদের।

রোববার রাতে ডালাসে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে চারটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ভার্জিল ফন ডাইক ও ক্রিসেন্সিও সামারভিল। জাপানের পক্ষে সমতা ফেরান নাকামুরা ও দাইচি কামাদা।

পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণের পরিসংখ্যানে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। তবে শেষ পর্যন্ত হার না মানা মানসিকতায় লড়ে সমতায় ফিরতে সক্ষম হয় জাপান। দুই দলই গোলের উদ্দেশ্যে ১০টি করে শট নেয়। এর মধ্যে নেদারল্যান্ডস লক্ষ্যে রাখতে পারে ছয়টি, জাপান তিনটি।

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে নেদারল্যান্ডস। তৃতীয় মিনিটে ডোনিয়েল মালেন গোলের সুবর্ণ সুযোগ পেলেও তার জোরালো শট গোলরক্ষক কোনোমতে বাইরে পাঠিয়ে দেন।

এরপর দীর্ঘ সময় বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। ৩৪তম মিনিটে মালেন আরেকটি সুযোগ পেলেও হেড করেন সরাসরি গোলরক্ষকের হাতে। প্রথমার্ধের শেষ দিকে জাপানও আক্রমণে ধার দেখায়। ৪৩তম মিনিটে নাকামুরার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর উয়েদার চেষ্টাও পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোল পায় নেদারল্যান্ডস। ৫১তম মিনিটে রায়ান খ্রাফেনবের্খের ক্রস থেকে নিখুঁত হেডে জাল খুঁজে নেন ভার্জিল ফন ডাইক। পোস্টে লেগে বল জালে জড়ালে এগিয়ে যায় ডাচরা।

তবে ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৭তম মিনিটে তাকেফুসা কুবোর কাটব্যাক থেকে ডি-বক্সের বাইরে নাকামুরার নেওয়া শট একজন ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। ম্যাচে সমতা ফেরায় জাপান।

জাপানের উল্লাস অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র সাত মিনিট পর আবারও এগিয়ে যায় নেদারল্যান্ডস। খ্রাফেনবের্খের পাস থেকে ডি-বক্সের ডান প্রান্তে বল পেয়ে জায়গা তৈরি করে দুর্দান্ত শটে গোল করেন সামারভিল।

এই মাসের আগে কখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি সামারভিল। সরাসরি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এই উইঙ্গার দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেওয়ার পর বিশ্বকাপ অভিষেকেই আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলের দেখা পেলেন।

সামারভিলের সেই গোলেই জয়ের পথে এগিয়ে যাচ্ছিল নেদারল্যান্ডস। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে ম্যাচে নাটকীয় মোড় আসে। কর্নার থেকে বদলি হিসেবে নামা ফরোয়ার্ড কোকি উঁচু লাফে হেড করলে বল সামনে থাকা দাইচি কামাদার মাথায় লেগে সামান্য দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে।

শেষ মুহূর্তের সেই গোলে উল্লাসে ফেটে পড়ে জাপান। আর জয়ের খুব কাছে গিয়েও পূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া হওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

Link copied!