চ্যাম্পিয়নস লিগ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক

মে ৩১, ২০২৬, ০১:৫৪ এএম

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

ছবি: সংগৃহীত

বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচের স্কোর ১-১ সমতায় থাকায় শিরোপা নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস দলের শেষ শটটি ক্রসবারের ওপর দিয়ে মারলে জয় নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ষষ্ঠ মিনিটে দ্রুতগতির এক আক্রমণ থেকে কাই হাভার্টজ গোল করে দলকে লিড এনে দেন।

তবে ম্যাচজুড়ে বলের দখলে আধিপত্য বজায় রাখে পিএসজি। ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান উসমান দেম্বেলে। তার গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

টাইব্রেকারে আর্সেনালের হয়ে এবেরেচি এজেও একটি শট মিস করেন। অন্যদিকে পিএসজির নুনো মেন্দেসের শট ঠেকিয়ে দিয়ে আর্সেনালকে লড়াইয়ে রাখেন গোলরক্ষক ডেভিড রায়া।

শেষ পর্যন্ত পিএসজির হয়ে নির্ধারক পেনাল্টি থেকে গোল করেন লুকাস বেরালদো। এরপর ম্যাচকে সাডেন ডেথে নিতে গ্যাব্রিয়েলের গোল করা প্রয়োজন ছিল। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হলে উল্লাসে মেতে ওঠে পিএসজির খেলোয়াড় ও সমর্থকেরা।

এই জয়ের মাধ্যমে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরল পিএসজি।

Link copied!