৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৫১ পিএম

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রাওয়ালপিন্ডি দল বাংলাদেশ জাতীয় দলের স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে। ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নেওয়া হয়েছে।

নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ রুপি। করাচি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শেষে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডি তাকে দলে ভুক্ত করেছে। গত মৌসুমে রিশাদ লাহোর দলের হয়ে খেলেছেন।

আজ (মঙ্গলবার) রাওয়ালপিন্ডি তাদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। চার ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে, যারা হলেন—মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জামান খান এবং ইয়াসির শাহ।

রিশাদের আগে নিলামে উঠেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার ভিত্তিমূল্যও ছিল ১ কোটি ১০ লাখ রুপি। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কেনার আগ্রহ দেখায়নি।

এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে গেছেন, তারা হলেন—ফাহিম আশরাফ (ইসলামাবাদ ইউনাইটেড), ডেভিড ওয়ার্নার (করাচি কিংস), হারিস রউফ (লাহোর কালান্দার্স), নাসিম শাহ (রাওয়ালপিন্ডি) এবং শাহিবজাদা ফারহান (শিয়ালকোট)।

Link copied!