২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ

স্পোর্টস ডেস্ক

মে ৩০, ২০২৬, ০১:৪৮ পিএম

২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ

ছবি: সংগৃহীত

পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ। তার মতে, ২০৩০ সালের বিশ্বকাপেও রোনালদোকে মাঠে দেখা যেতে পারে এবং এ বিষয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়।

বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত। তবে অনেকেই মনে করছেন এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ। কিন্তু মার্তিনেজের ধারণা ভিন্ন। ২০৩০ বিশ্বকাপের সময় রোনালদোর বয়স ৪৫ বছর হলেও তাকে সেই আসরে খেলতে দেখলে তিনি বিস্মিত হবেন না।

এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মার্তিনেজ বলেন, ‘এনিয়ে কারো সন্দেহ থাকা উচিত নয়। তার সেই যোগ্যতা আছে।’

২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে জাতীয় দলের ইতিহাসে সর্বাধিক ২২৬ ম্যাচ খেলে ১৪৩ গোল করেছেন রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি আসরেই গোল করার কীর্তিও গড়েছেন তিনি।

রোনালদোকে তরুণদের জন্য আদর্শ হিসেবে উল্লেখ করে মার্তিনেজ বলেন, ‘আমরা পর্তুগালের সব তরুণ ফুটবলারদের কাছে ক্রিস্টিয়ানো রোনালদোর আদর্শ পৌঁছে দিতে চাই, কারণ সে একজন রোল মডেল।’

কোচের মতে, রোনালদোর সবচেয়ে বড় শক্তি তার অদম্য মানসিকতা এবং উন্নতির ক্ষুধা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা (জাতীয় দলের) কোচিং স্টাফরা, একটি সিদ্ধান্তে পৌঁছেছি: ক্রিস্টিয়ানো রোনালদো কেবল একটি নির্দিষ্ট দলীয় কিংবা ব্যক্তিগত শিরোপা জেতার জন্য খেলে না। সে কী খায়, তা তার পরিচয় নয়, বরং তার ভেতরের ক্ষুধা দিয়ে। ক্রিস্টিয়ানো যাই জিতুক না কেন, পরের দিন উন্নতি করার জন্য একই ক্ষুধা থাকবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ব্যালন ডি’অর জেতা অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছিলাম এবং পরের দিন তাদের ক্ষুধা কমে যায়। রোনালদোর ক্ষেত্রে সে ভিন্ন এক মানসিকতার উদাহরণ।’

আল নাসরের হয়ে চলতি মৌসুমে ২৮ গোল করে প্রথমবারের মতো সৌদি প্রো লিগ শিরোপা জিতেছেন রোনালদো। ২০২২ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি তার প্রথম লিগ শিরোপা।

আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।

Link copied!