তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, নকআউটে প্রতিপক্ষ মরক্কো

স্পোর্টস ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০১:২১ পিএম

তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, নকআউটে প্রতিপক্ষ মরক্কো

ছবি: সংগৃহীত

কানসাস সিটি স্টেডিয়ামে শুক্রবার তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। একই সময়ে অন্য ম্যাচে জাপান ও সুইডেন ১-১ গোলে ড্র করায় তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ডাচরা। শেষ ষোলোতে রোনাল্ড কোম্যানের দলের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের তৃতীয় মিনিটে তিউনিসিয়ার এলিয়েস স্কিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। ১৯৭৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর এটি বিশ্বকাপে নেদারল্যান্ডসের দ্রুততম গোল।

প্রথম গোলের চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ডস। সপ্তম মিনিটে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের পাস থেকে গোল করেন স্ট্রাইকার ব্রায়ান ব্রবি। চলতি টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ডাচরা।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তিউনিসিয়া। ৫৪তম মিনিটে হ্যানিবাল মেজব্রির কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ২-১ করেন হাজেম মাস্তুরি।

তবে তিউনিসিয়ার প্রত্যাবর্তনের আশা বেশিক্ষণ টিকতে দেয়নি নেদারল্যান্ডস। ৬২তম মিনিটে তিজানি রেইন্ডার্সের কর্নার থেকে হেডে বল জালে জড়ান ডিফেন্ডার জান-পল ফন হেকে। তাতেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয় ডাচরা।

Link copied!