প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করল যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২৬, ১১:৪৬ এএম

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করল যুক্তরাষ্ট্র

ছবি: এএফপি

ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে একতরফা আধিপত্য দেখিয়ে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

যুক্তরাষ্ট্রের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। দলের চার গোলের মধ্যে দুটি এসেছে তার পা থেকে, আর একটি গোল হয়েছে প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের সাড়ে ৬ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের তৈরি করা আক্রমণ থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে ওয়েস্টন ম্যাককেনিকে দেওয়া পাস ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়েন বোবাদিলা ভুল করে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন।

২৮ মিনিটে বালোগুন গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। তবে হতাশ হতে হয়নি বেশিক্ষণ। মাত্র তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন এই স্ট্রাইকার। বাম দিক দিয়ে দুর্দান্ত গতিতে উঠে এসে পুলিসিচ নিখুঁত পাস বাড়ান বালোগুনের উদ্দেশে। সহজ স্পর্শে তিনি বল জড়িয়ে দেন জালে।

প্রথম গোলের কিছুক্ষণ পর আবারও গোলের দেখা পান বালোগুন। এবার তার গোলের যোগানদাতা ছিলেন মালিক তিলম্যান। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

প্রথমার্ধে তিন গোল করার পর অনেকেই দ্বিতীয়ার্ধে আরও গোলবন্যার প্রত্যাশা করেছিলেন। তবে ম্যাচের চিত্র ছিল ভিন্ন। দ্বিতীয়ার্ধের বড় একটি সময় কোনো দলই গোলের দেখা পায়নি।

অবশেষে ৭৩ মিনিটে ব্যবধান কমায় প্যারাগুয়ে। নিজেদের অর্ধ থেকে অরল্যান্ডো গিলের লম্বা পাস পেয়ে জুলিও এনসিসো বল বাড়ান মাউরিসিওর কাছে। বাঁ প্রান্ত থেকে নেওয়া শক্তিশালী শটে তিনি যুক্তরাষ্ট্রের জালে বল পাঠিয়ে স্কোরলাইন ৩-১ করেন।

তবে এই গোল শুধুই ব্যবধান কমিয়েছে। ম্যাচে ফেরার সুযোগ আর পায়নি প্যারাগুয়ে। উল্টো যোগ করা সময়ে চতুর্থ গোল করে জয়কে আরও বড় করে যুক্তরাষ্ট্র। ফ্রিম্যানের পাস থেকে বল পেয়ে জিওভানি রেইনা ডি-বক্সে ঢুকে শট নেন। গোলরক্ষক অরল্যান্ডো গিল চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। বল জালে জড়ালে ৪-১ গোলের দাপুটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

Link copied!