আজ শুরু হচ্ছে নারী এশিয়ান কাপ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২৬, ০৪:০২ পিএম

আজ শুরু হচ্ছে নারী এশিয়ান কাপ

ছবি: বাফুফে

এ বছরের নারী ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে বাংলাদেশের আগমনকে ঘিরে উত্তেজনা বেড়েছে। ২০ বার অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের ইতিহাসে বাংলাদেশ কখনো অংশ নিতে পারেনি, এমনকি আয়োজক হওয়ার কথাও ওঠেনি। চার বছর আগেও লাল-সবুজ দলের মধ্যে এশিয়ান কাপ নিয়ে আগ্রহ ছিল সীমিত।

কিন্তু গত বছরের জুলাই থেকে বাংলাদেশি নারী ফুটবলে নতুন এক আবহ তৈরি হয়েছে। বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পর থেকে আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমাদের ঘিরে নতুন স্বপ্ন জাগছে ফুটবল সমর্থকদের মধ্যে। আসল লড়াইয়ে তাদের খেলা দেখার অপেক্ষায় কোটি বাঙালি। মঙ্গলবার সেই অপেক্ষা পূর্ণ হতে চলেছে, যখন গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রথম ম্যাচে সিডনিতে মুখোমুখি হবে চীনের।

এশিয়ান কাপের সেরা ১২ দলের আসল লড়াই আজ থেকে শুরু হচ্ছে। পার্থ স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়া ফিলিপাইনের বিপক্ষে খেলবে।

মেয়েদের এশিয়ান কাপ মানেই চীনের দাপট; এখন পর্যন্ত তারা ৯ বার শিরোপা জিতেছে। তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর কোরিয়া ও চায়নিজ তাইপে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। গ্রুপ ‘এ’-তে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন। গ্রুপ ‘সি’-তে খেলবে জাপান, ভিয়েতনাম, চায়নিজ তাইপে ও ভারত। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানধারী দল উঠবে কোয়ার্টার ফাইনালে। চার কোয়ার্টার ফাইনালজয়ী দল সরাসরি ২০২৭ নারী বিশ্বকাপে খেলবে, বাকি চার দল খেলবে প্লে-অফে।

গ্রুপের শক্তি বিবেচনায় বাংলাদেশের সেরা দুই দলের মধ্যে থাকা কঠিন। তবে পিটার বাটলারের দলের লক্ষ্য উজবেকিস্তান। ৯ মার্চ পার্থে সেই ম্যাচ জিতলে তৃতীয় স্থানধারীর মধ্যে একটি হওয়া সম্ভব, যা বিশ্বকাপে যাওয়ার দরজা খুলতে পারে। প্রথম দুটি ম্যাচ সিডনিতে হওয়ায় দলটি সেখানে প্রস্তুতি নিচ্ছে। জুবিলি স্টেডিয়ামে আফঈদাদের নিয়ে বাড়তি মনোযোগ দিচ্ছেন কোচ বাটলার। শেষ মুহূর্তের ভুলত্রুটি সংশোধন ও প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বলেছেন, এই প্রথমবার বাংলাদেশ এত বড় একটা মঞ্চে আসছে, তো এটা ভালো লাগারই কথা। কাজ তো হচ্ছেই, সব দিক দিয়েই ট্রেনিং সেশনে যা আমাদের ভুলত্রুটি হয় সেটা ধরিয়ে দেওয়া হচ্ছে, তো ওইটা শোধরানোর চেষ্টা করছি আমরা। ভালো (প্রস্তুতি হচ্ছে), সবকিছু মিলিয়ে। এখানে আসার পর আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, তো ওখানে যা ভুলত্রুটি হয়েছে, কোচ আমাদের সেটা নিয়ে দুটি ট্রেনিং সেশন করিয়েছেন, ওখানে শুধরে দেওয়ার চেষ্টা করছেন। ওই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে (১-১ ড্র হয়েছিল ম্যাচটি)। আমরা ভালো করেছি, ওরাও তো শক্তিশালী দল।

শুরুর দিকে ফিজিও ইস্যুতে সমস্যা ছিল। নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন লিপা ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালে দায়িত্ব পড়েছিল জাকিয়া রহমানের ওপর। তিনিও অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হওয়ায় কাজ চালাতে পারেননি। ফিজিও ছাড়া অস্ট্রেলিয়া আসায় দলের ঝামেলা হয়। তবে বাংলাদেশ স্থানীয় ফিজিও ইসনাদ জামকন নিয়োগ দিয়ে সমস্যার সমাধান করেছে।

Link copied!