ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার (১৩ মে) সকাল ৭টা থেকে রোববার (১৪ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর বন্ধ থাকবে।
শুক্রবার (১২ মে) এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে যাতে ক্ষয়ক্ষতি না হয় সে জন্য চট্টগ্রাম বন্দর এলাকা থেকে সকল ধরনের বিদেশি জাহাজ সমূহকে ভোর ৪টার জোয়ারের সময় বহির্নোঙরে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এ ছাড়া বন্দরে চারটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে পণ্য খালাস বন্ধ করে দিয়েছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ নিয়ন্ত্রক চট্টগ্রাম বন্দর। জেটিতে অবস্থানরত বড জাহাজগুলোকে বহির্নোঙরে চলে যেতে বলা হয়েছে। লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।