মার্চ ৫, ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পদকে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী শিক্ষা উন্নয়নসহ রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে।
স্বাধীনতা পদক বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদক প্রদান করা হয়।
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি বা গোষ্ঠীকে এ সম্মাননা দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকেও স্বাধীনতা পদকে ভূষিত করার বিধান রয়েছে।
সরকারি সূত্র জানায়, দেশের উন্নয়ন, সমাজকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ বছর ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।