বন্ধ হওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ,আন্তর্জাতিক সহায়তার আশ্বাস: অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ০৮:২৭ পিএম

বন্ধ হওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ,আন্তর্জাতিক সহায়তার আশ্বাস: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি।

দেশে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে বন্ধ হয়ে পড়া কারখানাগুলো ধাপে ধাপে চালু করা হবে।
 

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন কারণে যেসব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় চালু করতে সরকার কাজ করছে। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তাও পাওয়া যাচ্ছে।
 

তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ তৈরি হয়েছে, যা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশই মোকাবিলা করছে। এই প্রেক্ষাপটে উন্নয়ন বাজেটের আওতায় জ্বালানি ও পরিবেশ সংশ্লিষ্ট প্রকল্পে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে এআইআইবি।
 

বৈঠকের বাইরে দেশের ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আলোচনার বিষয়েও কথা বলেন তিনি। অর্থমন্ত্রী জানান, ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন, যার মধ্যে কিছু তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। বাকি বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিল্প উৎপাদন সচল রাখা এবং অর্থনীতির গতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে।

Link copied!