সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৪, ০২:১২ পিএম

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা হত্যা মামলায় গ্রেপ্তার

ফারজানা রূপা ও শাকিল আহমেদ

হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ এবং সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার (২১ আগস্ট) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের দুজনকে আটক করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক খুদে বার্তায় বলা হয়, বুধবার বিকেলে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তরা-পূর্ব থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এদিন তারা বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদেরকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী শাকিল ও ফারজানাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটা ২১ আগস্ট বুধবার দায়ের করা হয়েছে। এই মামলা দণ্ডবিধির ৩০২ (হত্যার অভিযোগ) এবং ১১৪ ও ১০৯ ধারায় উত্তরা-পূর্ব থানায় দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: বিমানবন্দরে সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ আটক

শাকিল আহমেদ ও ফারজানা রুপা স্বামী-স্ত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার জন্য তারা দুজন বিমানবন্দরে উপস্থিত হন। এ সময় সঙ্গে তাদের মেয়ে ছিল।

একপর্যায়ে ডিবির একটি দল বিমানবন্দরে গিয়ে শাকিল ও ফারজানা দম্পতির বিরুদ্ধে রাজধানীর একটি থানায় মামলা আছে বলে জানায়। পরবর্তীতে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শাকিল-ফারজানা দম্পতিকে নিয়ে যান ডিবির ওই দল।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে হেড অব নিউজ শাকিল আহমেদ এবং প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

Link copied!