ছবি: সংগৃহীত
ভোলার তজুমদ্দিন উপজেলায় মাত্র ৬০০ টাকা পাওনাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে মো. শাকিল মিস্ত্রি (৩০) নামের এক যুবককে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে রোববার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাকিল মিস্ত্রি চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে রাকিবের কাছে একই এলাকার মো. নুরনবীর ছেলে তামিম হোসেনের ৬০০ টাকা পাওনা ছিল। শনিবার বিকেলে স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলার সময় ওই টাকা নিয়ে রাকিব ও তামিমের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। এ সময় রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রি সেখানে গিয়ে ঝগড়া থামাতে যান এবং একপর্যায়ে তামিমকে চড়-থাপ্পড় দেন।
বিকেলের ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে তামিম প্রতিশোধ নিতে ওত পেতে থাকে বলে জানান স্থানীয়রা। সন্ধ্যার দিকে শাকিল স্থানীয় একটি কেরানির দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশন দেখছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তামিম পেছন দিক থেকে এসে হঠাৎ করে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে রোববার ভোরে তার মৃত্যু হয়। নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা সিরাজ মিস্ত্রি।
এ ঘটনায় রোববার সকালে নিহতের বাবা মো. ইউনুস বাদী হয়ে অভিযুক্ত তামিম হোসেনকে একমাত্র আসামি করে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।