জুন ৩, ২০২৬, ১২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে আজও রাজধানীর দিলকুশায় অবস্থান নিয়েছেন গ্রাহকরা।
আজ (বুধবার) রাজধানীর মতিঝিল এলাকার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
আন্দোলনকারীরা জানান, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা খুরশীদ আলমের নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে বাংলাদেশ প্রেসক্লাবে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
গত সোমবার (১ জুন) আন্দোলনকারীরা সাত দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—
১। ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃত চেয়ারম্যান খুরশীদ আলমকে পদত্যাগ করতে হবে।
২। ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল করতে হবে।
৩। লুটপাটের সাথে জড়িত কেউই ইসলামী ব্যাংকের বোর্ডে থাকতে পারবে না।
৪। ব্যাংক রেজুলেশন অ্যাক্ট থেকে ১৮ (ক) ধারা বাতিল করতে হবে।
৫। এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা তার সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করতে হবে।
৬। শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।
৭। ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এর আগে সোমবার একই দাবিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ওই কর্মসূচি চলাকালে পুলিশ জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও তারা দাবি করেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ভিন্ন।
আন্দোলনের কারণে সোমবার দিনেরবেলায় ইসলামী ব্যাংকের নির্ধারিত পর্ষদ সভা সরাসরি অনুষ্ঠিত হয়নি। পরে রাতে ভার্চুয়াল মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পর্ষদের পাঁচ সদস্য অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ভার্চুয়াল সভায় ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত আলতাফ হোসাইন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো বুধবারও আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা।