হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৬, ০৬:০৬ পিএম

হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৫৬।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে মোট মৃত্যু ৩১১ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ শিশুর, আর সন্দেহজনক মৃত্যু ১৫ শিশুর। এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—এখানে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় মারা গেছে ৮ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে, আর নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫২ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,৩০২ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৪১,৭৯৩। একই সময়ে নিশ্চিত শনাক্ত রোগী ১৫৪ জন, যা মোট সংখ্যা ৫,৪৬৭-এ পৌঁছেছে।

এছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ২৮,৮৪২। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২৫,১৫১ জন।

Link copied!