ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:১৫ পিএম
ছবি: সংগৃহীত
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। একই ঘটনায় সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাড়িতে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, টাম্বলর রিজ সেকেন্ডারি স্কুলে গুলির ঘটনায় ২৫ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রায় ২ হাজার ৪০০ জনসংখ্যার ছোট শহর টাম্বলর রিজ ভ্যাঙ্কুভার থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে, আলবার্টা সীমান্তের কাছে অবস্থিত। স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ শিক্ষার্থী নিয়ে পরিচালিত হয় টাম্বলর রিজ সেকেন্ডারি স্কুল।
আরসিএমপির সুপারিনটেনডেন্ট কেন ফ্লয়েড সাংবাদিকদের বলেন, হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না। তিনি জানান, হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং নিহত অন্য ব্যক্তিদের সঙ্গে সন্দেহভাজনের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী স্কুলে প্রবেশ করে তল্লাশি চালায়। সেখানে একাধিক ভুক্তভোগীকে পাওয়া যায় এবং সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানানো হয়েছে।
ঘটনার পর পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্টের অধীন টাম্বলর রিজ সেকেন্ডারি ও এলিমেন্টারি স্কুলে ‘লকডাউন’ জারি করা হয়। এলাকার সংসদ সদস্য ল্যারি নিউফেল্ড জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও জরুরি সেবা পাঠানো হয়েছে।
ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, এই মর্মান্তিক ঘটনার পর কমিউনিটির পাশে থাকবে প্রাদেশিক সরকার।
উল্লেখ্য, কানাডায় স্কুলে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। ২০২০ সালে নোভা স্কোশিয়ায় এক বন্দুকধারীর হামলার পর এটিকে দেশটির অন্যতম প্রাণঘাতী সহিংস ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওই ঘটনার পর কানাডা সরকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন ও সম্প্রসারণ করেছে।