ইরানের বিরুদ্ধে অভিযান এখনও শেষ হয়নি: নেতানিয়াহু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ১২:৪৫ পিএম

ইরানের বিরুদ্ধে অভিযান এখনও শেষ হয়নি: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘এখনও শেষ হয়নি’ বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এখনও তাদের বিরুদ্ধে লড়ছি। এখন আরও অনেক কিছু করার আছে।

একই সঙ্গে লেবাননের সঙ্গে শান্তি আলোচনার জন্য ‘অনুমোদন’ দেওয়ার কথাও জানান তিনি।

ইসরায়েলের এ বিবৃতি এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরান-এর কর্মকর্তারা পাকিস্তানে একটি শান্তি বৈঠকে অংশ নিচ্ছিলেন।

বিবৃতিতে নেতানিয়াহু সামরিক অভিযানে ইসরায়েলের কিছু ‘সাফল্যের’ কথাও তুলে ধরেন। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার দাবিও উল্লেখ করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়ে পড়ে, যার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরান বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালালে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে।

যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়, যা বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলে। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়।

অবশেষে গত ৮ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।

Link copied!