যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় অবস্থানরত জাহাজগুলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর পক্ষ থেকে বারবার একটি বার্তা পাচ্ছে। বার্তায় জানানো হচ্ছে, কৌশলগত এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সব ধরনের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে রোববার টানা দ্বিতীয় দিনের মতো কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কুয়েত এবং ইসরাইলের বিভিন্ন স্থানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর দেশটির বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইরান এখন বলেছে যে তারা আজ খুব কঠোর জবাব দেবে, আগের চেয়ে কঠোর। তারা এটা না করাই ভালো। কারণ যদি তারা এটি করে, আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা আগে কখনও দেখা যায়নি!’