এপ্রিল ৩, ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ইরানি গণমাধ্যমে ইতোমধ্যে ওই বিমানের ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর তারা বিমানের ধ্বংসাবশেষের কয়েকটি ছবি পেয়েছে।

নিউজ এজেন্সিটির দাবি, মধ্য ইরানের আকাশে উড়ার সময় আইআরজিসি’র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে বিমানটি ভূপাতিত করে।
সংস্থাটি আগের প্রতিবেদনে বিমানটি সম্ভবত এফ-৩৫ যুদ্ধবিমান বলে উল্লেখ করলেও নতুন প্রতিবেদনে নির্দিষ্ট মডেলের নাম উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত ছবিতে এমন কিছু চিহ্ন দেখা গেছে, যা যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬সহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান পরিচালনা করে। তাসনিম নিউজের দাবি, যুদ্ধবিমানটি ইংল্যান্ডের লেকেনহেথ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের। স্কোয়াড্রনটিকে ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য সেন্টকম মিশন এলাকায় মোতায়েন করা হয়েছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন কর্মকর্তারা। এর আগে আইআরজিসি-নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টেও বলা হয়, মধ্য ইরানের ওপর দিয়ে উড়ার সময় বিমানটিকে গুলি করে নামানো হয়।
পোস্টে আরও বলা হয়, যুদ্ধবিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
এর আগেও যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল আইআরজিসি, তবে সে সময় তা অস্বীকার করেছিল সেন্টকম।