ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানে শনিবার একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই বিস্ফোরণকে ‘জায়নবাদী শাসনের বিমান হামলা’ বলে নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা মুহূর্তের মধ্যে তেহরানজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের কেশভারদুস্ত ও পাস্তুর এলাকায় অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই পাস্তুর এলাকাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন অবস্থিত।
হামলার পর রাজধানীর ওইসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।
তেহরানে এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।