কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি। ছবি: সংগৃহীত
ইরানের পক্ষ থেকে হামলার মুখে পড়ে তেহরানের হয়ে কোনো ধরনের মধ্যস্থতার দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি এ বিষয়ে কাতারের অবস্থান তুলে ধরেছেন।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে হামলার মুখে থাকা অবস্থায় ইরানের হয়ে মধ্যস্থতা করা কাতারের পক্ষে সম্ভব নয়।
আল-খুলাইফি জানান, দীর্ঘদিন ধরে কাতার ও ওমান ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। বিভিন্ন কূটনৈতিক উদ্যোগে এই দুই দেশকে প্রায়ই ‘সেতুবন্ধন’ হিসেবে দেখা হয়েছে।
তবে তিনি বলেন, সেই দেশগুলোকেই এখন হামলার মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা বাস্তবসম্মত নয়।
কাতারের এই মন্ত্রী আরও বলেন, আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়। কিন্তু ইরানের পক্ষ থেকে বিষয়টি সেভাবে বোঝা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তার মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে পারস্পরিক বোঝাপড়া ও সংলাপ জরুরি। তবে হামলার ঘটনা অব্যাহত থাকলে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগগুলোও বাধাগ্রস্ত হতে পারে।