পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন শুভেন্দু অধিকারী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৬, ১১:৪৯ এএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন শুভেন্দু অধিকারী

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের মধ্য দিয়ে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে তার নেতৃত্বাধীন নতুন সরকার। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

শপথ গ্রহণকে ঘিরে কলকাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিংয়েও বিধিনিষেধ জারি করা হয়েছে।
শুক্রবার কলকাতায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলনেতা নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে তিনি আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

দলীয় বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তার সরকার কাজ করবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান। একইসঙ্গে পশ্চিমবঙ্গকে সহিংসতামুক্ত ও অনুপ্রবেশমুক্ত করার অঙ্গীকার করেন তিনি।

এদিকে, শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার খবরে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আতশবাজি ও আনন্দ মিছিল করেছেন সমর্থকেরা।
সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পায় বিজেপি। নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসনেই জয় পান শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী ও সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে পরাজিত করেন।

Link copied!