চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ২১

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৫, ২০২৬, ১২:১৭ পিএম

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ২১

ছবি: সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে লিউইয়াং শহরের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে ‘লিউইয়াং হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’তে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই এলাকায় একের পর এক শব্দ শোনা যায় এবং আকাশজুড়ে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাহাড়ঘেরা গ্রামীণ ওই এলাকায় বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরদিন ড্রোন ফুটেজে দেখা যায়, কারখানার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রায় ৪৮০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। নিরাপত্তার স্বার্থে আশপাশের তিন কিলোমিটার এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার পর কারখানার মালিকপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আটক করেছে পুলিশ। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এদিকে সি চিনপিং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, হুনান প্রদেশের লিউইয়াং শহর চীনের আতশবাজি উৎপাদনের প্রধান কেন্দ্রগুলোর একটি। তবে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে দেশটিতে এমন শিল্প দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Link copied!