বুলিং ঠেকাতে স্কুলে বেত্রাঘাতের বিধান চালু করল সিঙ্গাপুর

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৬, ০২:১১ পিএম

বুলিং ঠেকাতে স্কুলে বেত্রাঘাতের বিধান চালু করল সিঙ্গাপুর

ছবি/ এআই জেনারেটেড

স্কুলে বুলিং ও সাইবার বুলিং রোধে কঠোর শৃঙ্খলাবিধি চালু করেছে সিঙ্গাপুর সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, গুরুতর বুলিংয়ের ঘটনায় দোষী প্রমাণিত শিক্ষার্থীদের শাস্তি হিসেবে বেত্রাঘাতের অনুমতি দেওয়া হবে। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত আলোচনা সামনে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শাস্তি হিসেবে এক থেকে তিনটি বেত্রাঘাত করা যেতে পারে। তবে এটি হবে সর্বশেষ ব্যবস্থা। অন্য সব শৃঙ্খলামূলক পদক্ষেপ ব্যর্থ হলে এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় প্রয়োজন মনে করলে তবেই এই শাস্তি কার্যকর করা হবে।

শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি বলেছেন, বেত্রাঘাতের সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীর বয়স, মানসিক অবস্থা এবং সংশোধনের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হবে। এই শাস্তি কার্যকরের জন্য স্কুলের প্রধান শিক্ষকের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ছাড়া কেউ এ শাস্তি দিতে পারবেন না।
নতুন নিয়ম অনুযায়ী, উচ্চ প্রাথমিক স্তরের ৯ থেকে ১২ বছর বয়সী এবং এর চেয়ে বড় ছেলেশিক্ষার্থীদের ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান প্রযোজ্য হবে। তবে মেয়েদের ক্ষেত্রে শারীরিক শাস্তি দেওয়া হবে না। তাদের জন্য সাময়িক বহিষ্কার, আটক রাখা বা আচরণগত মূল্যায়নে নম্বর কমানোর মতো বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

দেশটিতে সাম্প্রতিক সময়ে একাধিক আলোচিত বুলিংয়ের ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় এক বছর ধরে পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেত্রাঘাতকে ‘অমানবিক ও অপমানজনক’ আখ্যা দিয়ে এটি বাতিলের দাবি জানিয়েছে। তাদের ভাষ্য, শিশুদের ওপর শারীরিক শাস্তি মানসিক ও সামাজিকভাবে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে সিঙ্গাপুর সরকার বলছে, কঠোর শাস্তির কারণে দেশটিতে স্কুলশৃঙ্খলা তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকে। সরকারের দাবি, গুরুতর অপরাধ ও সহিংস আচরণ ঠেকাতে এই ধরনের ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখে।

ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে সিঙ্গাপুরে বেত্রাঘাতের প্রচলন থাকলেও বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শারীরিক শাস্তি পুরোপুরি বাতিল করেছে।

Link copied!