ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়লাভের পর জোট গঠনের প্রচেষ্টা জোরদার করেছেন অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতি।
কংগ্রেসের সমর্থন পাওয়ার পর এবার থোল থিরুমাভালান-এর কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছেন তিনি। তবে বিদুথালাই চিরুথাইগল কাতচি (ভিসিকে) এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে দলটির নেতারা জানিয়েছেন। খবর এনডিটিভির।
এর আগে বিজয় ভারতীয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী)-এর কাছেও সমর্থন চান। কংগ্রেস ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, বিজয় সরকার গঠন করলে তারা সমর্থন দেবে।
যদি ভিসিকে, সিপিআই ও সিপিএমও সমর্থন দেয়, তবে তামিলাগা ভেত্রি কাজাগম মোট ১১৯ বিধায়কের সমর্থন পাবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এক আসন বেশি।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। মোট ২৩৪ আসনের মধ্যে তারা ১০৮টি আসন পায়, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে মাত্র ১০টি কম। অন্যদিকে দ্রাবিড় মুন্নেত্র কাজাগম ৫৯টি এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগম ৪৭টি আসনে জয় পায়। সম্ভাব্য মিত্রদের মধ্যে কংগ্রেস ৫টি, ভিসিকে ২টি, সিপিআই ২টি এবং সিপিএম ২টি আসনে জয়লাভ করেছে।
নির্বাচনে বিজয় তিরুচি পূর্ব ও পেরাম্বুর—এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। তিনি তিরুচি পূর্ব আসন ছেড়ে দিয়ে পেরাম্বুর আসনটি রাখবেন বলে জানা গেছে। সে ক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সব মিলিয়ে, তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণ এখনো অনিশ্চিত থাকলেও জোট গঠনে বিজয়ের তৎপরতা রাজ্যের রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে।