মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ আটকে গেল!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৬, ০১:২৯ পিএম

মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি  বিজয়ের শপথ আটকে গেল!

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও তা আজ হচ্ছে না। দল টিভিকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনো নিশ্চিত নন যে টিভিকে এককভাবে সরকার গঠনের মতো আসন পেয়েছে। এর কারণে শপথ গ্রহণ প্রক্রিয়া এগোয়নি।

এরই মধ্যে কংগ্রেস বিজয়ের দলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে এবং আরও কয়েকটি দল যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে বিজয়ের দলের আরও এক-দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সূত্র।

জানা গেছে, রাজ্যপাল ইতোমধ্যে তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়েছেন।

বুধবার রাজ্যপালের সঙ্গে বৈঠকে সরকার গঠনের দাবি জানান বিজয়। এ ছাড়া টিভিকের সাধারণ সম্পাদক আধব অর্জুন আইনজীবী দল নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের জন্য টিভিকের প্রয়োজন ১১৮টি আসন। কংগ্রেসের পাঁচটি আসন যোগ হলেও এখনো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি। ফলে আরও কয়েকটি আসনের সমর্থন প্রয়োজন বলে জানা গেছে।

Link copied!