বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৬, ০১:১৮ পিএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ

আজ ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের অন্যতম এই নায়ক। গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও অসংখ্য গানের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পৌঁছে দিয়েছেন বিশ্বদরবারে।

রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদাসুন্দরী দেবী এবং বাবা ব্রাহ্মধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর। মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেন তিনি। ১৮৯১ সাল থেকে বাবার নির্দেশে নদিয়া, পাবনা, রাজশাহী ও ওড়িশার জমিদারি তদারকি শুরু করেন। শিলাইদহ কুঠিবাড়ি-তে দীর্ঘ সময় অতিবাহিত করেন তিনি। ১৯০১ সালে সপরিবারে চলে যান বোলপুরের উপকণ্ঠে শান্তিনিকেতনে।

তার জীবদ্দশায় এবং মৃত্যুর পর প্রকাশিত হয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ এবং অন্যান্য গদ্য সংকলন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯১৩ সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেলজয়ী এই সাহিত্য প্রতিভাকে স্মরণ করবেন তার অগণিত ভক্ত।

জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে থাকছে বিশেষ আয়োজন। সকাল ৯টায় প্রচারিত হয়েছে শিশুতোষ অনুষ্ঠান। সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হয়েছে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রাত ৯টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রাত ১০টায় সংবাদের পর প্রচার হবে বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান, যেখানে কবির বিভিন্ন পর্যায়ের জনপ্রিয় ৯টি গান পরিবেশন করবেন একঝাঁক রবীন্দ্রসংগীতশিল্পী। রাত ১১টায় প্রচারিত হবে ‘চিত্রাঙ্গদা’।

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যজগৎ ছিল নানা বর্ণ, মানসিকতা ও চেতনায় সমৃদ্ধ। নিঃসঙ্গতার প্রতিচ্ছবি চারুলতা, সামাজিক বেড়াজাল ভেঙে আত্মসচেতন হয়ে ওঠা বিনোদিনী কিংবা গোরা উপন্যাসের স্বদেশপ্রেম ও জাতিসত্তার সংকটে জর্জরিত চরিত্রের মধ্যে আজও পাঠক খুঁজে ফেরে নিজেদের প্রতিচ্ছবি। বাংলার মাটিতে যেমন তার কদর, তেমনি বিশ্বদরবারেও সমানভাবে ছড়িয়ে আছে তার দীপ্তি। দিবসটি উদযাপনে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।

Link copied!