কবি মাহামুদুল হাসান নিজামী আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ০২:৫২ পিএম

কবি মাহামুদুল হাসান নিজামী আর নেই

রাঙামাটির কাউখালী উপজেলার কৃতীসন্তান, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি ও কাউখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, সাহিত্যিক ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রংপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই এবং কাউখালী প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব।

এই গুণী ব্যক্তির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসাইনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।

মাহমুদুল হাসান নিজামী একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও সুরকার ছিলেন। তিনি জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা এবং জাতীয় সাংবাদিক মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি দৈনিক ডেসটিনি এবং দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক ছিলেন।

আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজিসহ একাধিক ভাষায় তার অসাধারণ দখল ছিল। তিনি বিশ্বসাহিত্যের ধ্রুপদী কবি শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতাগুলোর প্রথম বাংলা কাব্যানুবাদ করে বিশেষ পরিচিতি লাভ করেছেন।

মাহমুদুল হাসান নিজামীর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪০টি। এছাড়া তিনি পাঁচ হাজারেরও বেশি কবিতা ও গান রচনা করেছেন।

বাংলা সাহিত্যে বানান সংস্কার ও গবেষণার নতুন ধারা তৈরিতে তিনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জন্মগ্রহণ করলেও স্থায়ীভাবে বসবাস করতেন রাঙামাটির কাউখালী উপজেলার কাউখালী সদর এলাকায়। তিনি দেশবরণ্য আলেম মৃত মাওলানা আব্দুল্লাহ’র বড় ছেলে ও চট্টগ্রাম পুলিশ লাইন জামে মসজিদের খতীব, ইসলামী চিন্তাবিদ মাওলানা মনুসুরুল হক জিহাদীর বড় ভাই।

নিজামীর ছোট ভাই আরিফুল হক মাহবুব জানান, ঢাকা থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে রংপুরে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ রাঙামাটিতে গ্রহণ করতে বেশি সময় লেগেছে। জানাযা অনুষ্ঠিত হবে তিন স্থানে: প্রথম জানাযা শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমি অথবা কেন্দ্রীয় শহীদ মিনারে, দ্বিতীয় জানাযা রাঙামাটির কাউখালী উপজেলায়, এবং তৃতীয় জানাযা চট্টগ্রামের লালখান বাজারে। সবশেষে তিনি পিতা-মাতার কবরের পাশে কাউখালী কেন্দ্রীয় কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হবেন।

Link copied!