বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৩১ পিএম

বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা-২০২৬ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অমর একুশে বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তিনি বলেন, ভাষাশহিদদের স্মরণে একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি দীর্ঘদিন ধরে প্রকাশক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এই আয়োজন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

তিনি আরও জানান, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার পহেলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। সব দিক বিবেচনা করে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির একাধিক বৈঠকে সর্বসম্মতিক্রমে মেলার শুরুর তারিখ চূড়ান্ত করা হয়েছে।

Link copied!