অভিনয় থেকে মুখ্যমন্ত্রী হওয়া দক্ষিণী তারকারা। ছবি: কোলাজ
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের দিকে এগিয়ে চলেছেন তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয়। তার এই বড় জয় দক্ষিণ ভারতে সিনেমা এবং রাজনীতির মধ্যকার চিরন্তন সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত কয়েক দশকে বহু চলচ্চিত্র ব্যক্তিত্ব রুপালি পর্দার তারকা ইমেজ ছেড়ে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছেছেন।
এন টি রামা রাও (এনটিআর)

এন টি রামা রাও সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, ১৯৪৯ সালে এল ভি প্রসাদ পরিচালিত তেলুগু ছবি ‘মানা দেশম’-এর মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষেক ঘটে তার। এরপর তিনি ‘পাল্লেতুরি পিল্লা’ (১৯৫০) এবং ‘রাজু পেদা’ (১৯৫৪) সিনেমায় অভিনয় করেন। ১৯৮২ সালে তিনি অন্ধ্রপ্রদেশের প্রথম আঞ্চলিক দল হিসেবে তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮৩ থেকে ১৯৯৫ সালের মধ্যে তিনি চার মেয়াদে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এম জি রামচন্দ্রন (এমজিআর)

এম জি রামচন্দ্রন ১৯৩৬ সালে ‘সতী লীলাবতী’ চলচ্চিত্রের মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক করেন। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেন।
১৯৩০-এর দশকের শেষ দিকে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। পরে ১৯৫৩ সালে সি এন আন্নাদুরাইয়ের নেতৃত্বাধীন ডিএমকে-তে যোগ দেন। পরবর্তীতে ১৯৭২ সালে ডিএমকে ছেড়ে তিনি এআইএডিএমকে প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন এবং ১৯৮৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন।
জে জয়ললিতা

জে জয়ললিতা ১৯৬৫ সালে ‘ভেন্নিরা আদাই’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক করেন। ১৯৬৫ থেকে ১৯৭৩ সালের মধ্যে তিনি বহু সফল সিনেমায় অভিনয় করেন।
১৯৮২ সালে তিনি এম জি রামচন্দ্রনের হাত ধরে এআইএডিএমকে-তে যোগ দেন। পরবর্তীতে তার মৃত্যুর পর তিনি দলের নেতৃত্বে উঠে আসেন। ১৯৯১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন এবং ২০১৬ সাল পর্যন্ত মোট ছয় মেয়াদে ১৪ বছরেরও বেশি সময় এই পদে ছিলেন।
মুথুভেল করুণানিধি

মুথুভেল করুণানিধি সরাসরি অভিনেতা না হলেও চিত্রনাট্যকার হিসেবে তামিল চলচ্চিত্রে যুক্ত ছিলেন। তিনি ‘রাজকুমারী’ চলচ্চিত্রে কাজ করেন, যেখানে প্রধান চরিত্রে ছিলেন এম জি রামচন্দ্রন।
১৯৫৭ সালে তিনি মাদ্রাজ রাজ্য আইনসভায় নির্বাচিত হন। ১৯৬৯ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন এবং মোট পাঁচ মেয়াদে প্রায় দুই দশক তামিলনাড়ুর রাজনীতিতে নেতৃত্ব দেন।
জানকী রামচন্দ্রন

জানকী রামচন্দ্রন ছিলেন অভিনেত্রী এবং এম জি রামচন্দ্রনের স্ত্রী। ১৯৮৮ সালে স্বামীর মৃত্যুর পর তিনি মাত্র ২৪ দিনের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর মাধ্যমে তিনি রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হন।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া