ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. নায়েব আলী খান (৬০)।
বুধবার সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ব্যাসপুর গ্রামের মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নায়েব আলী খানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ১৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি কর্মসূচি বাধাগ্রস্ত করতে কাশিয়ানীর মাজড়া এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। অভিযোগ রয়েছে, সড়কের ওপর গাছ কেটে ফেলে এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়, যাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার পরদিন কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের ভিত্তিতেই নায়েব আলী খানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানোর আবেদন করা হবে।